
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার শহর বেলগোরোডে বৃহস্পতিবার একটি রুশ যুদ্ধবিমান ভুলবশত গুলি ছুড়েছে। এতে সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে। কিছু ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।তাসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ শহরটিতে একটি বড় বিস্ফোরণের খবর দিয়েছে, যেটি ইউক্রেনের দিক থেকে সীমান্তের ওপারে অবস্থিত। আঞ্চলিক গভর্নর এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তাস বলেছে, ‘একটি সুখোই এসইউ-৩৪ যুদ্ধবিমান বেলগোরোড শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাক্রমে বিমানের গোলাবারুদ নিঃসরণ হয়েছে।’ তবে এ ঘটনায় কী ধরনের অস্ত্র জড়িত ছিল তা উল্লেখ করা হয়নি।
এসইউ-৩৪ একটি সুপারসনিক বোমারু যুদ্ধবিমান।মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় ওই এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এদিকে বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জরুরি অবস্থা ঘোষণা করে টেলিগ্রামে বলেছেন, ওই এলাকার একটি প্রধান রাস্তায় একটি ৬৫ ফুট গর্ত তৈরি হয়েছে। এছাড়া চারটি গাড়ি ও চারটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র- বিবিসি