
আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) এই আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস। আল জাজিরার প্রতিবেদন মতে, পবিত্র গসপেলের উপর হাত রেখে রাজ্যাভিষেকের শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের রাজ্যাভিষেক শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এ সময় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত ছিলেন কুইন কনসর্ট ক্যামিলা, রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম, ছোট ছেলে প্রিন্স হ্যারি ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা। প্রায় দুই হাজার ২০০ অতিথি অনুষ্ঠানে অংশ নেন। বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত যোগ দিয়েছেন।
সূত্রঃ আল জাজিরা