
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক ইয়োলের সঙ্গে সাক্ষাতের জন্য সিউলে সফর করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মধ্যেই এই দুই নেতার সাক্ষাৎ দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে। রোববার কিশিদার এই দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে গত ১২ বছরের মধ্যে প্রথম কোনো জাপানি নেতা সিউলে পা রাখলেন। এর আগে গত মার্চে জাপানের রাজধানী টোকিওতে সফর করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োল। তার ওই সফরে ঐতিহাসিক বিরোধের একটি অধ্যায় শেষ করতে চেয়েছিলেন তারা। যে অধ্যায় বছরের পর বছর ধরে জাপান এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিশিদা বলেন, ‘আমি আশা করি আমাদের আস্থার সম্পর্কের ভিত্তিতে প্রেসিডেন্ট ইয়োনের সঙ্গে খোলামেলা মতবিনিময় এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।’ তিনি বলেন, ‘গত মার্চ থেকে অর্থ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগের বিভিন্ন স্তর তৈরি হয়েছে এবং আমি এই চলমান প্রক্রিয়াকে আরও গতিশীল করার পরিকল্পনা করছি।’
সূত্রঃ আল জাজিরার