
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরের একটি স্কুল গুঁড়িয়ে দিয়েছে। রোববার (৭ মে) ইসরাইলি সেনাবাহিনীর একটি দল স্কুলটি গুঁড়িয়ে দেয়। এদিকে এ ঘটনা বিশ্ববাসীর কাছ থেকে তীব্র নিন্দা কুড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরাইলি সেনাবাহিনী বিশেষ দল সিওজিএট এক বিবৃতিতে জানিয়েছে, গুঁড়িয়ে দেয়া স্কুল ভবনটি বেথেলহাম থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং তা সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী এবং যারা পরিদর্শনে যেত তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল।
সিওজিএট দাবি করেছে, ইসরাইলি আদালতের নির্দেশেই ভবনটি ভেঙে ফেলা হয়েছে। তারা আরও বলেছে, ভবনটির মালিক এটি ধ্বংসের আগে বিষয়টি নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষের সংলাপের একাধিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছিলেন।এদিকে, ইসরাইলি বাহিনীর স্কুল ভবন গুঁড়িয়ে দেয়ার বিষয়টির নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফিলিস্তিনে থাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, স্কুলটি ধ্বংস করায় তারা ‘আতঙ্কিত’ এবং এ কাজ ৬০ ফিলিস্তিনি শিশুর জীবনকে প্রভাবিত করবে।