
আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ২৯০ জন। এছাড়া এক হাজার ৯০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরান খান গ্রেপ্তার হন।আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার আদালত তার রিমান্ড মঞ্জুর করে তাকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে দিয়েছেন।