
আন্তর্জাতিক ডেস্কঃ পিটিআই প্রধান ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করায় পাকিস্তানের সুপ্রিম কোর্টকে নজিরবিহীন আক্রমণ করলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের দ্বিচারিতায় ন্যায়বিচারের মৃত্যু হয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে পাকিস্তান সুপ্রিম কোর্ট অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়ার একদিন পর শুক্রবার (১২ মে) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ এ মন্তব্য করেন।
পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ নতুন নয়। গেল বছর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক নির্বাচন নিয়ে শাহবাজ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন প্রধান বিচারপতি। অর্থনৈতিক সংকটের অজুহাতে সরকার নির্বাচন পিছিয়ে দিতে চাইলেও ১৪ মে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আবার বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করতে প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস করতে গেল বছর বিল পাস করে শাহবাজ সরকার, এমন অভিযোগও উঠেছিল। সেসময় এর কড়া সমালোচনা করেছিলেন পিটিআই প্রধান ইমরান খান।