
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মোখা। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। এতে দেশটিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অনেকে। মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে, রোববার (১৪ মে) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের পর যখন ঘূর্ণিঝড়টি সিট্যুয়েতে আঘাত হানে, তখন এর প্রভাবে গাছাপালা উপড়ে যায়। বাতাসের তীব্র গতির কারণে বাড়িঘরও কেঁপে ওঠে।
ঝড়ের দাপটে চারদিক লন্ডভন্ড হয়ে যায়। হাজার হাজার মানুষ প্যাগোডা, মঠ, স্কুল ছাড়াও বিভিন্ন সরকারি ভবনে আশ্রয় নেয়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মোখার প্রভাবে রাখাইনে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়ির ছাদ ধসে তারা প্রাণ হারায়।