
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের কোনো পরিকল্প নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (১৪ মে) ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবার জার্মানি সফরে গিয়ে দেশটির চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। রোববার বার্লিনে পৌঁছানোর পর বিউগলের সুর আর ড্রামের তালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ও প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। পরে যুদ্ধরত ইউক্রেনের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ওলাফ শলজের সঙ্গে একান্ত বৈঠক করেন জেলেনস্কি।
বৈঠকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কিয়েভকে আরও কামান, গোলাবারুদ, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ লিওপার্ড ট্যাংক, ভিন্ন মডেলের সাঁজোয়াযান ও ভারী অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দেন চ্যান্সেলর শলজ।