
আন্তর্জাতিক ডেস্কঃ এক রাতেই রাশিয়ার ১০টি ক্ষেপণাস্ত্র ও ২৩টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের বিমানবাহিনী। শুক্রবার (২৬ মে) ইউক্রেন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রয়টার্স জানায়, রাজধানী কিয়েভ, নিপ্রো শহর এবং পূর্বাঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করে দেশটির বিমানবাহিনী। বিমানবাহিনী বলছে, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন কাস্পিয়ান সাগর থেকে নিক্ষেপ করা হয়। ভূপাতিত হওয়া ড্রোনগুলো ইরানের তৈরি। বিমানবাহিনী জানায়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোট ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন নিক্ষেপ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র খারকিভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ডিনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক তার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় জানান, খুব কঠিন এক রাত পার করেছি। শত্রুরা এ অঞ্চলে ব্যাপক আক্রমণ করেছে। একটি পরিবহন কোম্পানি ও একটি গ্যাস স্টেশনসহ বেশ কয়েকটি বাড়ি, গাড়ি এবং ব্যক্তিগত কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে।