
আন্তর্জাতিক ডেস্ক ঃইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৩০ মে) ভোরে নতুন করে এই হামলা চালানো হয়।
হামলা প্রতিহত করতে তৎপর রয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাসিন্দাদের উদ্দেশে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘এটি একটি বড় ধরনের আক্রমণ! কেউ আশ্রয়কেন্দ্র ত্যাগ করবেন না। ’
ক্লিটসকো বলেছেন, হোলোসিভস্কি জেলায় রুশ হামলায় আহত এক নারীকে (২৭) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরে তিনি জানিয়েছেন, রাশিয়ার সর্বশেষ বিমান হামলায় একজন নিহত হয়েছেন।
কিয়েভ মেয়র বলেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসস্তূপ পড়ে কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওইসব জায়গা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার ভোরের নতুন এই হামলা চলতি মাসে কিয়েভে রাশিয়ার ১৭তম আক্রমণ। এছাড়া টানা তৃতীয় দিনের মতো রাতে কিয়েভে হামলা চালাল মস্কো। গতকাল ইউক্রেনের রাজধানী শহরে দুই দফায় হামলা চালায় রাশিয়া।