
আন্তর্জাতিক ডেস্কঃ গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদি। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদে বিস্ফোরক বহনকারী একটি গাড়ি গভর্নর আহমাদির গাড়িকে ধাক্বা দেয়। এতে গাড়িতে থাকা গভর্নর আহমাদি নিহত হন। তাকে বহনকারী গাড়ির ড্রাইভারও এই বোমা হামলায় মার যান। এছাড়াও এ ঘটনায় আরও ৬জন আহত হয়েছেন।
তবে এই বোমা হামলা কে বা কারা করেছেন তা এখনো জানা যায়নি। তালেবান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম সরকারি কোনও কর্মকর্তার ওপর এরকম প্রাণঘাতী হামলা হলো। প্রদেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের প্রধান মুয়াজউদ্দীন আহমাদি জানিয়েছেন, গভর্নর আহমাদিকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।