
আন্তর্জাতিক ডেস্কঃ আরব সাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর জেরে ভারতের তিনটি রাজ্য ও লাক্ষাদ্বীপে সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি)। রাজ্যগুলো হলো গুজরাট, কেরালা ও কর্ণাটক। খবর টাইমস অব ইন্ডিয়ার। শনিবার (১০ জুন) এক টুইটবার্তায় ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরে উদ্ভূত হওয়ার পর থেকেই ‘বিপর্যয়’ উত্তর ও উত্তরপশ্চিম দিকে সরে যাচ্ছে এবং ভারতের কোনো উপকূলে সরাসরি এই ঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা নেই। তবে ঝড়ের গতিপথের মধ্যে গুজরাট, কেরালা, কর্ণাটক ও লাক্ষাদ্বীপের পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এ কারণেই জারি করা হয়েছে সতর্কতা। ‘বিপর্যয়’র প্রভাবে এই তিন রাজ্য ছাড়াও মহারাষ্ট্র ও গোয়ার উপকূলীয় এলাকাগুলোতে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া দেখা দিতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আইএমডির টুইটবার্তায়।