
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের নোভা কাখোভকা বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ২২ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। শুক্রবার (৯ জুন) মস্কোর নিযুক্ত খেরসনের প্রধান ভ্লাদিমির সালদো বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্লাদিমির সালদো বলেন, বন্যার পানি কমতে আরও ১০ দিন লাগবে এবং খেরসনের রুশ-নিয়ন্ত্রিত অংশের ১৭টি শহর ও গ্রামে মোট ২২ হাজার ২৭৩টি বাড়ি প্লাবিত হয়েছে। বন্যা শুরুর পর ওই এলাকা থেকে ২৪৩ শিশুসহ ৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত, নোভা কাখোভকা শহরে হতাহতের ঘটনা ঘটেছে। বন্যার পানিতে ডুবে আটজন মারা গেছেন।