
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরালো করছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, রাশিয়া ইরান থেকে শত শত একমুখী আক্রমণকারী ড্রোন পেয়েছে, যা দিয়ে তারা ইউক্রেনে হামলা চালাচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হোয়াইট হাউস জানিয়েছে, আনক্রুড এরিয়াল ভেহিকেল (ইউএভি বা মানুষবিহীন ড্রোন) নামে পরিচিত এই ড্রোনগুলো ইরানে তৈরি করা হয়। পরে তা কাস্পিয়ান সাগর পেরিয়ে যায় রাশিয়ায় এবং সেখান থেকে সেগুলো চলে যায় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে হামলা চালাচ্ছে। ইউক্রেনের জনগণকে আতঙ্কিত করতে ইরানি ইউএভি ব্যবহার করছে এবং রাশিয়া-ইরান সামরিক অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা উদ্বিগ্ন যে, ইরানি ইউএভি তৈরি করতে ইরানের সঙ্গে কাজ করছে রাশিয়া। তারা এগুলো রাশিয়ায় বসেই বানাচ্ছে। রাশিয়াকে সাহায্য করছে ইরান।’