
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) অন্যতম নেতা ও দলের প্রেসিডেন্ট পারভেজ এলাহিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ জুন) আগের এক মামলায় জামিন পাওয়ার পরই অর্থপাচারের অভিযোগে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটি (এফআইএ)। গত কয়েক মাস ধরে উত্তাল পাকিস্তানের রাজনীতি। চলতি বছরের মে মাসে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে দাঙ্গার ঘটনার পর থেকে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযানে নামে পাক পুলিশ। এরই মধ্যে দলটির কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সামরিক আইনে বিচারের পরিকল্পনা চলছে।
পাক পুলিশের এই গ্রেফতার অভিযান থেকে বাঁচতে দল ছাড়ছেন পিটিআই নেতা-কর্মীরা। এরই মধ্যে বহু নেতা দল ছেড়েছে। শুধু তাই নয়, দলত্যাগী সেসব নেতারা মিলে ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) নামে নতুন একটি দলও গড়ে তুলেছেন।