
আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বার্থরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) সকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে পৌঁছলে তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেন। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। মোদিকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানাতে এদিন নজরকাড়া আয়োজন করা হয়।
এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে বহুল আলোচিত দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে আঞ্চলিক ও ভূরাজনীতির পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে হোয়াইট হউসের লনে সাংবাদিকের মুখোমুখি হন বাইডেন-মোদি।