
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনারের বিদ্রোহে যুক্তরাষ্ট্র বা সামরিক জোট ন্যাটোর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সোমবার এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সাফ জানিয়ে দিয়েছি, আমরা এতে জড়িত নই। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। এটি রাশিয়ান সিস্টেমের মধ্যে ত্রুটির একটি অংশ।’
তিনি জানান, রাশিয়ার অভ্যন্তরে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ‘প্রধান মিত্রদের’ সঙ্গে কথা বলেছেন। এ ঘটনার জন্য পশ্চিমা বিশ্বকে দোষারোপ করার সুযোগ রাশিয়াকে দেয়া যাবে না বলে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের মিত্ররাষ্ট্রগুলো। তিনি বলেন, ‘সপ্তাহান্তের এই ঘটনার ফলাফল এবং রাশিয়া ও ইউক্রেনের ওপর কেমন প্রভাব ফেলেছে তা মূল্যায়ন করব। এখনই এর প্রভাব সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।’