
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রণক্ষেত্রে যুদ্ধ করার অর্ধেক সক্ষমতাই হারিয়ে ফেলেছে রাশিয়া। এমনটাই দাবি করেছেন শীর্ষ ব্রিটিশ কর্মকর্তা এবং দেশটির সশস্ত্রবাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি র্যাডাকিন। তার মতে ইউক্রেনের রণাঙ্গনে রাশিয়া বর্তমানে খুবই দুর্বল অবস্থায় রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর পেরিয়ে গেছে আরও প্রায় দেড় বছর। কিন্তু রাশিয়া যে লক্ষ্য নিয়ে আক্রমণ চালিয়েছিল তা যেমন অর্জিত হয়নি তেমনি পশ্চিমাদের সহায়তা থাকার পরও ইউক্রেন তাদের দেশ থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে দিতে পারেনি।
যুদ্ধের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের এক শুনানিকে অ্যাডমিরাল টনি র্যাডাকিন বলেন, ‘রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা কমে অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে তারা খুবই দুর্বল অবস্থায় রয়েছে। এতটাই দুর্বল যে, তারা এখন আর নিজে থেকে কোনো পাল্টা আক্রমণ চালাতে পারবে না।’