
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে সহায়তার দেয়ার মাধ্যমে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধকেই কেবল এগিয়ে আনছে। এমনটাই মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ। মঙ্গলবার (১১ জুলাই) ন্যাটো সম্মেলন প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মেদভেদেভ বলেছেন, ইউক্রেনকে ন্যাটো জোট ক্রমবর্ধমান সামরিক সহায়তা দেয়ার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধকে এগিয়ে আনছে।
সম্মেলনের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ না করলেও আরও অতিরিক্ত সহায়তা দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেদভেদেভ বলেন, ‘এটি (ন্যাটোর তরফ থেকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়া) রাশিয়াকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না।’