
আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খুবই শিগগিরই এই ৩০০ কোটি ডলারের মধ্যে ১২০ কোট ডলার ছাড় করবে বৈশ্বিক প্রতিষ্ঠানটি। বুধবার (১২ জুলাই) আইএমএফ বিষয়টি জানিয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত মাসেই শীর্ষস্থানীয় কর্মকর্তা পর্যায়ে পাকিস্তান এবং আইএমএফ ঋণের ব্যাপারে চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়। তারই ধারাবাহিকতায় আইএমএফ এখন ঋণের অর্থ ছাড়ের ঘোষণা দিল।
দীর্ঘ কয়েক বছর ধরেই অর্থ সংকটে ভুগছে পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে এসে দেশটি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এতটাই তলানিতে নেমেছিল যে, তা দিয়ে মাত্র দুই সপ্তাহের ব্যয় মেটানোর সক্ষমতা ছিল দেশটির। পরিস্থিতি বেগতিক দেখে দেশটি আইএমএফের শরণাপন্ন হয়।