
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব হওয়ার দৌড়ে টানা ছয় মাসেরও বেশি সময় ধরে জোর প্রচার চালিয়েও শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়াল বাংলাদেশের প্রার্থী মঈন আহমদ। তাঁকে জেতাতে দেশ-বিদেশে কাজ করেন সরকারের একাধিক মন্ত্রী। কিন্তু আইএমওর মহাসচিব পদে নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে আকস্মিকভাবে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। নির্বাচনে বাংলাদেশের প্রার্থীর হেরে যাওয়ার আশঙ্কায় শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র জানায়।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইএমওর মহাসচিব পদে নির্বাচন হয় ১৮ জুলাই। বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে শেষ পর্যন্ত ছয় দেশের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। লন্ডনে আইএমওর সদর দপ্তরে গোপন ব্যালটে সর্বোচ্চ ২১ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন পানামার প্রার্থী আর্সেনিও আন্তোনিও ডমিনগুয়েজ ভেলাস্কো।
আইএমওর মহাসচিব পদে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায় একটি প্রতিনিধিদল লন্ডনে যায় বলে। নির্বাচন থেকে বাংলাদেশ কেন শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে নিল, এ বিষয়ে প্রতিনিধিদলটির একাধিক সদস্যের সঙ্গ। তাঁরা বলেন, বাংলাদেশের প্রার্থী নির্বাচনে জিতবেন কি না, তা ভোটের আগের রাতে পর্যালোচনা করা হয়। ৪০ ভোটের মধ্যে বাংলাদেশ কতটি ভোট পেতে পারে, তা বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনে বাংলাদেশের প্রার্থীর জয়ী হওয়াটা কঠিন হবে। এরপরই প্রার্থিতা প্রত্যাহার করে নেয় বাংলাদেশ।