
আন্তর্জাতিক ডেস্কঃ সংকট কাটিয়ে ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী সপ্তাহান্তে শান্তি আলোচনার আয়োজন করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি বার্তা সংস্থায় প্রকাশিত খবরে এতথ্য জানানো হয়। সৌদি আরবের জেদ্দা শহরে হবে এই শান্তি আলোচনা। বিভিন্ন পশ্চিমা দেশ, জাপান এবং ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। তবে জেদ্দায় এই আলোচনায় কোন দেশের কতজন প্রতিনিধি অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
তবে এই আলোচনায় রাশিয়া অংশ নেবে কি না সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছেন না। অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা গেছে। রাজধানী সেন্ট পিটার্সবুর্গে আফ্রিকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে পুতিন আরো বলেন, 'ইউক্রেনের সেনারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আর তাই কোনো যুদ্ধ বিরতি হতে পারে না'। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার অংশ-হিসেবেই শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।