News71.com
 International
 06 Aug 23, 02:33 PM
 199           
 0
 06 Aug 23, 02:33 PM

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের আরও দুটি প্রতিনিধিদল॥আলোচনায় প্রাধান্য পাবে দুর্নীতি, প্রতিরক্ষা ও মানবাধিকার ইস্যু

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের আরও দুটি প্রতিনিধিদল॥আলোচনায় প্রাধান্য পাবে দুর্নীতি, প্রতিরক্ষা  ও মানবাধিকার ইস্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আরও কয়েকটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে। এর মধ্যে চলতি মাসেই দুটি প্রতিনিধিদল আসছে বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে। এর মধ্যে আজ রোববার রাতে ঢাকায় আসার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউর। চলতি মাসের দ্বিতীয়ার্ধে প্রতিরক্ষা সংলাপে যোগ দিতে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস। এ ছাড়া আগামী মাসের প্রথমার্ধে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ঢাকায় আসছেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তি (টিকফা)–সংক্রান্ত পরিষদের বৈঠকে যোগ দেবেন।

 

দুই দেশের কূটনৈতিক সূত্র জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের উপদেষ্টা হিসেবে বিবেচিত রিচার্ড নেফিউ দুর্নীতি দমন ও অর্থ পাচার বন্ধে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। তিনি তিন দিনের ঢাকা সফরের সময় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রসচিবসহ দুর্নীতি দমন এবং বিদেশে অর্থ পাচার নিয়ে কাজের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।রিচার্ড নেফিউ গত বছরের ৫ জুলাই পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সরকারি ও বেসরকারি বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়কের কাজ করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন আগামী দুই মাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিনিধিদলের ঢাকায় নিয়মিত ফোরামে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।মার্কিন প্রতিনিধিদলের সফর সম্পর্কে জানতে চাইলে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার  বলেন যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধিদল ঢাকায় না এলে কিংবা ওই প্রতিনিধিদলের দপ্তর ওয়াশিংটন থেকে সফরের বিষয়ে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত এ বিষয়ে দূতাবাস কোনো তথ্য দেয় না। তিনি বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে আমরা ঢাকাকে যে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন থেকে বাংলাদেশে বিভিন্ন উচ্চপর্যায়ের সফর সেটির প্রতিফলন। আমরা আশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন