News71.com
 International
 12 Aug 23, 09:37 PM
 217           
 0
 12 Aug 23, 09:37 PM

পাকিস্তানে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হলেন বিএপি নেতা আনোয়ারুল হক॥

পাকিস্তানে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হলেন বিএপি নেতা আনোয়ারুল হক॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক দল বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সিনেটর আনোয়ারুল হকের নাম ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ ও বিরোধী নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারকে নিয়োগের পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে চিঠি পাঠিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে বিরোধী দলীয়নেতা রিয়াজ সাংবাদিকদের কাছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলের নাম জানিয়েছিলেন। রিয়াজ বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমি এই নামটি প্রস্তাব করেছি আর প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন। এরপর আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করি।’

 

দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ। কাকারের নাম নিয়ে তারা ঐকমত্য পোষণ করার পরই বহুল প্রত্যাশিত এই ঘোষণাটি দেওয়া হয়। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে ৯ আগস্ট রাতে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের সংবিধানে বলা আছে, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়, তাহলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন