
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অস্ত্রধারীদের হামলায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরকের সাহায্যে একটি ট্রাক উড়িয়ে দেওয়া হলে ওই ১১ জন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার শেয়ার করা এক পোস্টে কাকার বিষয়টি নিশ্চিত করেন।
কাকার তাঁর পোস্টে লেখেন, ‘উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ জন নিরীহ শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি হৃদয়বিদারক। আমি দৃঢ়ভাবে এ ধরনের নির্মম সহিংসতার বিরোধিতা করছি এবং নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’ দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্রের সাহায্যে বিস্ফোরক দিয়ে শ্রমিকদের বহনকারী ট্রাকটি উড়িয়ে দেয়। নিহতরা সবাই নিকটস্থ একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করতেন।