
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে প্রিগোঝিন নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এক সময় বেশ আস্থাভাজন ছিলেন প্রিগোঝিন। কিন্তু চলতি বছরের ২৩ এবং ২৪ জুন রাশিয়ার বিরুদ্ধে এক বিদ্রোহ ঘোষণা করে পুতিনের চক্ষুশূল বনে যান তিনি। তখন পুতিন প্রিগোঝিনকে কিছু না বললেও বিদ্রোহকে ‘গৃহযুদ্ধ’ শুরুর উদ্যোগ বলে আখ্যা দিয়েছিলেন। এদিকে বিশ্বের এই বেসরকারি যোদ্ধা বাহিনী প্রধানের মৃত্যু নিয়ে বিশ্বে শুরু হয়েছে তোলপাড়। অনেকেই এটাকে নিছক দূর্ঘটনা বলে মানতে নারাজ। তারা এটাকে একটি সুপরিকল্পিত হত্যাকান্ড বলে মনে করছেন।
চলতি বছরের ২৪ জুন রাশিয়ার বিরুদ্ধে এক বিদ্রোহ ঘোষণাকে রুশ প্রেসিডেন্ট পুতিন সে সময় প্রিগোঝিনকে ক্ষমা করে দিলেও বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর বিষয়টি অনেক জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে অনেকে ভাবছেন, হয়তো পুতিনের রোষের কারণেই দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো। বিষয়টি যদিও স্পষ্ট নয় তবে অমূলকও নয়। কারণ এর আগেও পুতিনের অনেক ‘প্রতিপক্ষই’ অস্বাভাবিকভাবে প্রাণ হারিয়েছেন নয়তো অন্য কোনো মৃত্যুর কাছাকাছি উপনীত করছেন। পুতিনের যেসব বিভিন্ন রহস্যময় করুণ পরিণতি বরণ করেছেন তাদের মধ্যে অ্যালেক্সেই নাভালনি, ভ্লাদিমির কারা-মুরজা, আলেক্সান্ডার লিটভিনেঙ্কো, আলেক্সান্ডার পেরিপিলিচনি, ভিক্টর ইউশ্চেঙ্কো এবং অ্যানা পলিতকোভস্কায়া উল্লেখযোগ্য। তাদের পরিণতি সংক্ষেপে উল্লেখ করা হলো।