
নিউজ ডেস্কঃ আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচন। এদিন দ্বীপরাষ্ট্রটির জনগণ তাঁদের নতুন কান্ডারি বেছে নেবেন। নতুন প্রেসিডেন্ট পরবর্তী ছয় বছরের জন্য সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলাবেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নেবেন সিঙ্গাপুরের বর্তমান রাষ্ট্রপ্রধান হালিমা ইয়াকুব। ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।
সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হওয়ার জন্য এবার ভোটের লড়াইয়ে নেমেছেন তিনজন প্রার্থী। তাঁরা হলেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম (৬৬), সার্বভৌম সম্পদ তহবিল জিআইসির সাবেক বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং (৭৫) এবং বিমাপ্রতিষ্ঠান এটিইউসি ইনকামের সাবেক প্রধান নির্বাহী তান কিন লিয়ান (৭৫)। তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে ‘তরুণ’ থারমান। তিনি সিঙ্গাপুরের ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) একজন বর্ষীয়ান রাজনীতিক। যদিও প্রেসিডেন্ট নির্বাচনে থারমান যে দলটির পছন্দের কিংবা মনোনীত প্রার্থী, সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সিঙ্গাপুরের অধিবাসীদের চার ভাগের তিন ভাগ জাতিগতভাবে চীনা। তাঁদের সংখ্যা প্রায় ৩৫ লাখ। অন্যরা মালয়, ভারতীয় ও ইউরেশিয়ান। দেশটিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচন সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য উন্মুক্ত রয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সিঙ্গাপুরের ২৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন। ১৯৯১ সালে এক আইনের মাধ্যমে দ্বীপরাষ্ট্রটির মানুষ ভোটের অধিকার পান। এর পর থেকে এটা দেশটিতে তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন। দেশটিতে একজন প্রেসিডেন্ট ছয় বছর দায়িত্ব পালন করেন।