
আন্তর্জাতিক ডেস্কঃ সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে দেশটির পর্যটনকেন্দ্র বালিসহ লম্বক অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুসারে, বালি ও লম্বকের উপকূলীয় অঞ্চলজুড়ে আঘাত হানা ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪ টার আগে অনুভূত হয়। এরপরে একই অঞ্চলে ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৫ মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এসব তথ্য জানায় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অবশ্য ইন্দোনেশিয়া ও মার্কিন ভূতাত্ত্বিক সংস্থাগুলো জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ ছিল। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করেনি দেশটির সরকার।ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০৩ কিলোমিটার (১২৬ মাইল) উত্তরে ও ভূপৃষ্ঠের ৫১৬ কিলোমিটার গভীরে।