News71.com
 International
 31 Aug 23, 01:09 AM
 216           
 0
 31 Aug 23, 01:09 AM

বহির্বিশ্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা কমেছে॥ আন্তর্জাতিক সমীক্ষা

বহির্বিশ্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা কমেছে॥ আন্তর্জাতিক সমীক্ষা

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বাইরে অর্থাৎ বহির্বিশ্বে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা কমছে। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে বলা হয়েছে, ৪০ শতাংশ বিদেশির আস্থা নেই মোদির প্রতি। তবে ভারতে এই চিত্র ভিন্ন। দেশটির ৭৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন, মোদি ঠিকমতো কাজ করছেন। ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে এই সমীক্ষা প্রকাশ করল পিউ রিসার্চ সেন্টার। ভারতের পাশাপাশি আরও ২৩টি দেশের ৩০ হাজার ৮৬১ প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা প্রস্তুত করা হয়েছে। গত মঙ্গলবার ওই সমীক্ষার ফল ঘোষণা করা হয়। সমীক্ষা চালানো হয়েছে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মে পর্যন্ত। 

 

 

ভারত ছাড়া সমীক্ষা চালানো দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, পোল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, হাঙ্গেরি, স্পেন, গ্রিস, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইসরায়েল, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ব্রাজিল ও আর্জেন্টিনা। ওই জরিপ অনুসারে, কিছু কিছু বিষয়ে মোদির ওপর আস্থা আছে বহির্বিশ্বে এমন মানুষ ৩৭ শতাংশ। ২৩ দেশের যাঁরা এই জরিপে অংশ নিয়েছেন, তাঁদের অনেকেই মোদিকে নিয়ে মতামত জানাতেই চাননি। যেমন যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ নাগরিক মনে করেন, মোদির প্রতি তাঁদের আস্থা নেই। আর ২১ শতাংশ বলেছেন, তাঁদের আস্থা আছে। আর মোদির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ৪২ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন