News71.com
 International
 31 Aug 23, 02:15 PM
 191           
 0
 31 Aug 23, 02:15 PM

ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে ‘অস্বচ্ছ লেনদেন ও শেয়ার জালিয়াতির অভিযোগ॥

ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে ‘অস্বচ্ছ লেনদেন ও শেয়ার জালিয়াতির অভিযোগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আলোচিত আদানি গোষ্ঠীর শেয়ারে কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়েছিল মরিশাসের একটি তহবিল থেকে। সেই তহবিলের সঙ্গে যুক্ত ছিলেন আদানি পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী অংশীদারেরাই। গণমাধ্যমের করা নতুন এক তদন্তে এই অভিযোগ করা হয়েছে।অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)’ আদানি গ্রুপের আর্থিক লেনদেন বিষয়ে এই তদন্ত করে। তাদের জোগাড় করা নথিপত্র ও অনুসন্ধানের ফলাফলের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্স।

নথিতে দেখা গেছে, আদানি পরিবারের ঘনিষ্ঠ লোকজন বছরের পর বছর ধরে গোপনে আদানি গোষ্ঠীর শেয়ার কিনেছেন। ঠিক সেই সময় উল্কার গতিতে আদানির উত্থান হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চও একই অভিযোগ তুলেছিল, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল আদানি গোষ্ঠী। সেই প্রতিবেদনের জেরে অবশ্য গ্রুপটির বাজার মূলধন ১০ হাজার কোটি ডলারের বেশি কমে যায়। ব্যক্তিগত সম্পদ হারান গৌতম আদানিও।

হিনডেনবার্গের অভিযোগ ছিল, নিজেদের শেয়ার ঘুরপথে কিনে দাম বাড়াত আদানি গোষ্ঠী, অর্থাৎ শেয়ার জালিয়াতি করত। গৌতম আদানি ওই অভিযোগ নাকচ করে দিলেও এ ব্যাপারে তদন্ত শুরু হয়। এবার সেই তদন্ত চলাকালে সামনে এল ওসিসিআরপির এই চাঞ্চল্যকর প্রতিবেদন। বিভিন্ন করসংক্রান্ত নথিপত্র ও আদানি গোষ্ঠীর অভ্যন্তরীণ ই–মেইলের ভিত্তিতে এই অস্বচ্ছ লেনদেনের অভিযোগ তুলেছে ওসিসিআরপি।
তাদের অভিযোগ, অন্তত দুটি ক্ষেত্রে বিদেশ থেকে অস্বচ্ছভাবে আদানি গোষ্ঠীর শেয়ার কেনাবেচা করা হয়েছে।

এদিকে ওসিসিআরপির প্রতিবেদনে উল্লেখিত অভিযোগের জবাব দিয়েছে আদানি গোষ্ঠী। তারা বলেছে, ওসিসিআরপির প্রতিবেদনে মরিশাসের যে তহবিলের কথা বলা হয়েছে, সেটা হিনডেনবার্গের প্রতিবেদনেও ছিল। এরপর হিনডেনবার্গের বেলায় তারা যা বলেছিল, এবারও তার পুনরুক্তি করেছে, পুরো অভিযোগই ভিত্তিহীন। আদানি গোষ্ঠীর দাবি, হিনডেনবার্গ রিসার্চের রিপোর্ট থেকেই তুলে এনে তা প্রকাশ করেছে ওসিসিআরপি। তাদের সব কোম্পানি আইন মেনে চলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন