
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার জানি খেল এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে জানি খেল এলাকায় মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি সামরিক বহরে বিস্ফোরণ ঘটায়। দুর্গম এই সীমান্ত এলাকা জঙ্গি তৎপরতার আস্তানা বলে পরিচিত।
হামলার পর পুরো এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে জানান, আত্মঘাতী বোমা হামলাকারীর মোটরসাইকেলটি সামরিক গাড়িবহরে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এদিকে এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।