
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর সমালোচনায় বেশ সরব হয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খান। সরকার হটানোর ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিলেন সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে এবার অবস্থান পাল্টে নির্বাচন নিয়ে সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) অ্যাটক কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এসব তথ্য জানান পিটিআইপ্রধানের আইনজীবী ব্যারিস্টার গোহর আলী খান। এ সময় তার সঙ্গে ছিলেন পিটিআই আইনজীবী দলের সদস্য ইন্তেজার পাঞ্জোথা, শোয়েব শাহীন, নাঈম পাঞ্জোথা ও ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে গোহর আলী বলেন, ‘ইমরান খানকে অবৈধভাবে কারাগারে রাখা হয়েছে। এত কিছুর পরও তিনি সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোপ-আলোচনায় বসতে প্রস্তুত। আলোচনার মূল বিষয়বস্তু হবে ৯০ দিনের মধ্যে নির্বাচন করা।’