
আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ২০ সেকেন্ডের ভূমিকম্পে লণ্ড ভণ্ড হল মরক্কো। ছয় দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে। শুক্রবার মধ্যরাতে দেশটিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।যার স্থায়িত্ব ছিল মাত্র ২০ সেকেন্ড। এ ঘটনায় সর্বশেষ ১০৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক হাজার মানুষ আহত হয়েছে। এখনও শ’ শ’ লোক নিখোঁজ রয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, মৃত্যু দুই হাজার ছাড়াতে পারে। ভূমিকম্পের ঘটনায় মরক্কোর পাশে থাকার বার্তা দিয়েছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বিশ্বনেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতের সংখ্যা ১০৩৭। স্থানীয় এক কর্মকর্তা বলেন, বেশিরভাগ মৃত্যু পাহাড়ি এলাকায় হয়েছে; যেখানে পৌঁছানো কঠিন ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার কিছুক্ষণ পরে আটলাস পর্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাক্কেশের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, ভূমিকম্পের পরে আরও ছোটখাটো ভূকম্পন হতে পারে। ফলে বাসিন্দারা এখনো ঝুঁকির মধ্যে আছে। সামাজিক মাধ্যম এক্সে বাসিন্দাদের নিরাপদে অবস্থান নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পটি মরক্কোর প্রাচীন শহর ও পর্যটনকেন্দ্র মারাক্কেশে আঘাত হানে। অভিজাত ও পরিপাটি শহরটি এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। ভূমিকম্পের প্রভাবে দেশটির রাজধানী রাবাত ও কাসাব্লাঙ্কাসহ অন্যান্য শহরও কেঁপে ওঠে। মারাক্কেশের ব্লাড ট্রান্সফিউশন সেন্টার শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট ক্যাম্প খুলে স্থানীয়দের রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য প্রচুর রক্ত প্রয়োজন। তাই স্থানীয় রক্তদানে সক্ষম ব্যক্তিদের রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ব্লাড ট্রান্সফিউশন সেন্টার।