
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর-কনেসহ এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে আহত হয়েছেন দেড় শতাধিক। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইরাকের জাতিসংঘ মিশন এক টুইটে বলেছে, আগুনে ব্যাপক প্রাণহানি এবং আহত হওয়ার কারণে তারা ‘বিস্মিত এবং মর্মাহত’। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরেও সেখানে মানুষের অঙ্গারের খোঁজে উদ্ধারকর্মীদের অভিযান চালাতে দেখা গেছে। বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।