
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ৬০ হাজার ই-মেইল চুরি করেছে চীনের হ্যাকাররা। এ বছরই মাইক্রোসফটের ই-মেইল প্ল্যাটফর্ম যারা হ্যাক করেছিল, তারাই এ কাজে জড়িত বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মার্কিন সিনেটের এক কর্মকর্তা। সিনেটর এরিক স্মিটের হয়ে কাজ করা এই কর্মকর্তা জানান, পররাষ্ট্র দপ্তরের ১০টি অ্যাকাউন্ট থেকে ৬০ হাজার ই-মেইল চুরি গেছে। এর মধ্যে ৯টি অ্যাকাউন্ট ব্যবহারকারী কর্মকর্তারা পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং একটি অ্যাকাউন্ট ব্যবহারকারী কাজ করেন ইউরোপে।
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং মাইক্রোসফট বলেছিল, চীনা সরকারের সঙ্গে যুক্ত হ্যাকাররা মে মাস থেকে মার্কিন বাণিজ্য, পররাষ্ট্র দপ্তরসহ প্রায় ২৫টি সংস্থার ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করেছে। বেইজিং এই অভিযোগ অস্বীকার করায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা সে সময় আরও বাড়ে। বুধবারের ব্রিফিংয়ে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের যে ব্যক্তিদের অ্যাকাউন্টে চীনা হ্যাকাররা প্রবেশ করেছে, তাদের বেশির ভাগই ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কূটনীতির সঙ্গে যুক্ত। পররাষ্ট্র দপ্তরের সব ই-মেইলের তালিকাও চলে গেছে হ্যাকারদের হাতে।