
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্দ্রেই ত্রোশেভকে ইউক্রেনে রুশ স্বেচ্ছাসেবক যোদ্ধা ইউনিট দেখভালের দায়িত্ব দিয়েছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে শুক্রবার এই তথ্য জানানো হয়। ত্রোশেভ রুশ সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তিনি ‘সেদোয়’ নামে পরিচিত, যার অর্থ ‘ধূসর চুল’। তিনি পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা। রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন সাবেক ওয়াগনার প্রধান প্রিগোজিন। এই অসন্তুষ্টি থেকে তিনি গত জুন মাসের শেষ দিকে বিদ্রোহ করেছিলেন। ইউক্রেন সীমান্ত থেকে মস্কো অভিমুখে ভাগনার সেনাসহ যাত্রা করেছিলেন প্রিগোজিন। পরে বেলারুশের মধ্যস্থতায় অভিযাত্রা বন্ধ করেন তিনি। বিদ্রোহ থেকে সরে আসার পর প্রিগোজিনসহ ওয়াগনারের বেশ কয়েকজন কমান্ডারের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছিলেন পুতিন। এই বৈঠকে পুতিন ওয়াগনারের নতুন প্রধান হিসেবে ত্রোশেভের নাম প্রস্তাব করেছিলেন। তবে এই প্রস্তাবের সঙ্গে একমত ছিলেন না প্রিগোজিন। গত ২৩ আগস্ট রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিনসহ ১০ জন নিহত হন।