
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৪ নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার সকালের দিকের এই ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটারশক হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯ মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শাহিদ গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় হাসপাতাল থেকে জানা গেছে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে এটি চূড়ান্ত সংখ্যা নয়। আমাদের কাছে তথ্য আছে যে, মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।