
আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েক দশকের মধ্যে ইসরাইলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বলা হচ্ছে, বিগত ৭৫ বছরে এমন হামলা দেখেনি ইসরাইল। ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়ন ও দখলদারিত্বের জেরে শনিবার হাজারের বেশি রকেট হামলা চালায় হামাস। এর জবাবে পালটা হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। দুই পক্ষের পালটাপালটি হামলায় ইসরাইল ও ফিলিস্তিন পরিস্থিতি যুদ্ধে রূপ নিয়েছে। বিশ্বনেতারা উদ্ভূত বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন।
হামাসের হামলার পরই নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই টুইটে হামাসের হামলার নিন্দা এবং এমন কঠিন মুহূর্তে ইসরাইলের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন ‘ইসরাইলে সন্ত্রাসী হামলার খবরে বিস্মিত হয়েছি। নিরীহ নিহত মানুষ ও তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করছি। এমন কঠিন মুহূর্তে আমরা ইসরাইলের পক্ষে আছি।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, নেদারল্যান্ডসের মার্ক রুট্টে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হামাসের এ ‘অভিযানকে’ সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। তারাও এমন দুঃসময়ে ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।