
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে। আজ বৃহস্পতিবার ষষ্ঠ দিনে গড়িয়েছে এই যুদ্ধ। উভয় ভূখণ্ডেই হতাহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েল-হামাসের যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ব্যাপারে ফেসবুকের শীর্ষ নির্বাহী মার্ক জাকারবার্গকে ইইউর কার্যালয়ের হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।ইইউ’র ইন্টার্নাল মার্কেট বিভাগের কমিশনার থিয়েরি ব্রেটন ১০ অক্টোবর এ সংক্রান্ত একটি চিঠি ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার ঠিকানায় পাঠিয়েছেন বলে জানা গেছে। চিঠিতে জাকারবার্গকে ব্রেটন বলেছেন, আপানদের ফিল্টারিং সিস্টেমগুলো কার্যকর আছে কিনা, নিশ্চিত হতে আমি জরুরি ভিত্তিতে আপনাকে ইইউ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরও আশা করছি, আপনি প্রাসঙ্গিক আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং ইউরোপোলের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের পরবর্তী যে কোনো অনুরোধে আপনি দ্রুত সাড়া দেবেন।