
আন্তর্জাতিক ডেস্কঃ চলতি ২০২৩ সাল পৃথিবীর তাপমাত্রার সব রেকর্ড ভেঙে ফেলেছে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, এ বছর বিশ্বে রেকর্ড পরিমাণ খরা, অগ্নিকাণ্ড ও বন্যার ঘটনা ঘটেছে। এসব দুর্যোগের কারণে সৃষ্ট পরিস্থিতি আরো জটিল হচ্ছে দারিদ্র্য ও অসমতার কারণে। শুক্রবার আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন।জাতিসংঘের মহাসচিব বলেন, দরিদ্র আর প্রান্তিক মানুষেরাই চরমভাবাপন্ন আবহাওয়ার সবচেয়ে ঝুঁকিতে থাকে। তাদের অনেকের বসবাস বন্যা ও খরাপ্রবণ এলাকায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়, তা এড়াতে এবং এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিও রয়েছে তাদের। ফলে তারা নির্বিচারে আক্রান্ত হয়, আরো দরিদ্র হওয়ার ঝুঁকিতে থাকে।