
আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরাইলের নিরবিচ্ছিন্ন বোমা বর্ষণের ফলে চলমান রক্তপাত বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ‘খুব দেরি’ হওয়ার আগেই ইসরাইলকে যুদ্ধ থামাতে বলেছে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান লেবাননে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরাইলকে এ সতর্ক করেন। তিনি বলেন, ইসরাইলি বর্ণবাদের যুদ্ধাপরাধ ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করতে ইসরাইলকে সতর্ক করেছে ইরান। না হলে দখলদারী দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। এদিকে অবরুদ্ধ গাজায় হামলা সম্প্রসারণের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী। আকাশ, সাগর ও স্থল পথে হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে বিবৃতিতে।