
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের আহ্বানে ১৮ অক্টোবর জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি সম্মেলন। ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধি দল। রবিবার এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের মূলভূখণ্ডে ভয়াবহ রকেট হামলা চালায় গাজার হামাস যোদ্ধারা। এর জবাবে কয়েক ঘণ্টার মধ্যে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই পক্ষে পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে। হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্ব নেতৃত্ব দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। সংকট থেকে উত্তোরণে সংলাপের ওপর জোর দিচ্ছেন অনেক দেশ। মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সংকট সমাধানের পথ খোঁজতে জরুরি বৈঠক ডেকেছে।