
আন্তর্জাতিক ডেস্কঃ গাজা নিয়ে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এবার ইসরায়েলে প্রায় ২ হাজার সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এমনটা জানিয়েছে। গণমাধ্যমটি বলছে, ইসরায়েলে সম্ভাব্য সেনা মোতায়েন পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের দুই হাজার সেনা সদস্যের তালিকা করেছে। যদি এই সৈন্যদের মোতায়েন করা হয়, তাহলে তাদের যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের জন্য ব্যবহার করা হবে না। মার্কিন সৈন্যরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধের বিষয়ে পরামর্শ ও ইসরায়েলিদের মেডিক্যাল সহায়তা দেবেন।যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন বারবার বলেছে, ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধে মার্কিন সৈন্যদের যুদ্ধক্ষেত্রে মোতায়েনের কোনও পরিকল্পনা নেই। সৈন্যদের পরামর্শ এবং চিকিৎসা সহায়তার মতো মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো পদাতিক বাহিনীকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়নি।