
আন্তর্জাতিক ডেস্কঃ হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের কারণে কানাডা ও ভারতের মধ্যে বরফ শীতল অবস্থা বিরাজ করছে। তবে কানাডার নাগরিকদের জন্য পুনরায় ভিসা পরিষেবা চালু করতে যাচ্ছে ভারত। অটোয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বুধবার এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে কানাডায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জা হত্যাকাণ্ড নিয়ে সেপ্টেম্বরে দুই দেশ কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ার পর ভিসা স্থগিত করেছিল নয়া দিল্লি।
এর পর বুধবার ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর আবার তারা ভিসা ইস্যু করা শুরু করবেন। কানাডার সাম্প্রতিক একটি পদক্ষেপের পর এই পর্যালোচনা করা হয়েছে। তবে ওই পদক্ষেপের কথা তারা উল্লেখ করেননি। এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির অগ্রগতির ভিত্তিতে পরবর্তী উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।