
আন্তর্জাতিক ডেস্কঃ আবারও অশান্ত হচ্ছে ভারতের মণিপুর রাজ্য। এবার একজন এসডিপিও পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে খুন করা হয়েছে। তিনজন কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার মণিপুরের মোরেতে ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটলো।
প্রথম ঘটনাটি মঙ্গলবার সকালে হয়। সেই সময় এসডিপিও চিংথাম আনন্দ কুমার স্থানীয় একটি স্কুলে হেলিপ্যাড তৈরির কাজ পরিদর্শন করছিলেন। সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি এলাকায় যান। জায়গাটি মিয়ানমার সীমান্ত লাগোয়া। রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ১১০ কিমি দূরে। পুলিশ জানিয়েছে, স্নাইপার রাইফেল থেকে কিছুটা দূর থেকে গুলি করা হয়েছিল। জখম অবস্থায় তাকে কাছের স্বাস্থ্যকেন্দ্র ও সেখান থেকে এয়ারলিফ্ট করে ইম্ফলে আনা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনার পরই উত্তেজিত জনতা রাস্তায় বেরিয়ে আসেন। তারা হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি তোলেন।