
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। গত তিন সপ্তাহের মধ্যে এটা হবে ব্লিঙ্কেনের তৃতীয় মধ্যপ্রাচ্য সফর। ইসরায়েল সফরের মধ্য দিয়ে এ ভ্রমণ শুরু করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইসরায়েল সরকারের সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ইসরায়েল সফরে যাচ্ছেন। এরপর তিনি অঞ্চলটির অন্য জায়গাগুলোও ভ্রমণ করবেন। এর আগে অক্টোবর মাসে ব্লিঙ্কেন ইসরাইল, জর্ডান, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফর করেছেন।