
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারা এলাকার অস্থায়ী রিং বাঁধ ভেঙে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার চলনবিল অধ্যুষিত আটটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে এসব উপজেলার ৪৫ হাজার হেক্টর জমি। বানের পানিতে তলিয়ে গেছে বোনা আমন ও সবজিসহ বিভিন্ন ফসল। শনিবার (৩ জুলাই) শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইচ গেট এলাকায় এ বাঁধ কেটে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
রোববার (৪ জুলাই) মুন্নাফ হোসেন, সৌরভ সরকার, সোহেল মোল্লা, আব্দুল আলীম, জোবায়ের হোসেন, তানভির রহমান, নিরব হোসেন, সাকিব হোসেন ও আবু সাইফ নামে স্থানীয় একাধিক কৃষক অভিযোগ করে বলেন, এ অঞ্চলের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড গত ৩০ আগে ২ কোটি টাকা ব্যয়ে অস্থায়ী এ রিং বাঁধটি নির্মাণ করে। চলতি বছরের ২৮ জুন বাঁধের মেয়াদ শেষ হওয়ায় কর্তৃপক্ষ বাঁধটি পরিত্যক্ত ঘোষণা করে এবং পাহারা সরিয়ে নেয়। গত কয়েদিন ধরে যমুনা ও বড়াল নদীর পানি বাড়তে থাকে। এ অবস্থায় শনিবার ভোরে স্থানীয় মাছ শিকারি ও নৌযান শ্রমিকরা তাদের সুবিধার্থে বাঁধটি কেটে দেয়। বাঁধ কেটে দেওয়ার মুহূর্তেই ২০০ মিটার এলাকা ধসে যায়। ধীরে ধীরে তা বাড়তে থাকে। এর ফলে সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া ও নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া এবং বড়াইগ্রাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। বানের পানিতে এসব অঞ্চলের বিভিন্ন ফসল তলিয়ে গেছে।