
নিউজ ডেস্কঃ বাগেরহাটে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম থেকে হচ্ছে চিকিৎসকদের। রোববার (০৪ জুলাই) দুপুর পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতাল সংলগ্ন ৫০ শয্যার ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৫৬ জন। সংকট পূরণে খুলনা ও বিভিন্ন উপজেলা থেকে আনা হয়েছে চিকিৎসক ও নার্স। এরপরেও থামছে না রোগী ও স্বজনদের আহাকার। এক ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাগেরহাটে। শনাক্তের হার বিবেচনায় এটিকে সংক্রমণের দ্রুত ঊর্ধ্বগতির একটি বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির।
তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসেবে শনাক্তের হার ৫৪ শতাংশ। এটা খুবই ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতি। পরিস্থিতি যদি আরও বেশি খারাপ হয়, তাহলে আমাদের পক্ষে সেবা দেওয়া অনেক কঠিন হবে। করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য স্থাপিত বাগেরহাট সদর হাসপাতাল সংলগ্ন ৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১০ জন চিকিৎসক ও ১২ জন নার্স রয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। জুন মাসে ৭৩ জন করোনা রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন অন্তত ৪০ জনের বেশি ছিল রোগীর সংখ্যা। জুলাই মাসে এই রোগীর সংখ্যা আরও বেড়েছে। রোববার দুপুরে ৫০ শয্যার এই কোভিড হাসপাতালে রোগী ছিল ৫৬ জন। এই সংকট পূরণে খুলনা থেকে ৬ জন নার্স এবং বিভিন্ন উপজেলা থেকে অতিরিক্ত চারজন চিকিৎসক আনা হয়েছে কোভিড হাসপাতালের জন্য। এরপরেও সব রোগীকে সুচিকিৎসা দিতে পারছেন না তারা।