
নিউজ ডেস্কঃ কোরবানিকে সামনে রেখে দেশের বাইরে থেকে গবাদিপশু আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রোববার (৪ জুলাই) ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আসন্ন কোরবানির জন্য প্রায় এক কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে। গত দু’টি কোরবানির ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দেইনি। তাতে পশুর সংকট হয়নি। এবছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। সীমান্তেও আমরা যোগাযোগ করছি যাতে চোরাই পথে বা অন্য কোনো পথে একটা পশুও দেশের ভেতর প্রবেশ করতে না পারে। কারণ আমাদের খামারিদের কথা মনে রাখতে হবে। তারা অনেক কষ্ট করে খামার তৈরি করেছেন, বিনিয়োগ করেছেন। তাদের পশু বিক্রি হবে না, বাইরে থেকে আসবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশে প্রাণিসম্পদের অভাবনীয় সাফল্য এসেছে। দেশে এখন ৪১ কোটি ২২ লাখ ৪৪ হাজার গবাদি প্রাণী মজুদ রয়েছে। এটা কেউ কল্পনাও করতে পারেনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং সব প্রকার সহযোগিতার কারণে সরকারি-বেসরকারি খাতে এ অভাবনীয় উন্নয়ন হয়েছে।