
নিউজ ডেস্কঃ সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কর্মকর্তা ও কর্মচারীগণ নির্দেশনাসমূহ বাস্তবায়ন করছে কিনা, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ উক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়ন করছে কিনা, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার জন্য রোববার (০৪ জুলাই) কমিটি গঠন করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্কারণ) অনুসরণ করার জন্য ২০২০ সালের ৭ মে পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্র যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা- তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা এবং কোনো কর্মকর্তা ও কর্মচারী নির্দেশনা অমান্য করলে তা পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে এই কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৪ শাখা) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসচিব (অভ্যন্তরীণ প্রশিক্ষণ-৩ শাখা) এএসএম মস্তিাফিজুর রহমান, উপসচিব (সিপি-১ শাখা) খালিদ মেহেদী হাসানকে সদস্য এবং সিনিয়র সহকারী সচিব (পরিবহন শাখা) মো. আব্দুস সালাম চৌধুরীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।